Bangla Language and Literature

WELCOME MESSAGE

MESSAGE FROM THE DEPARTMENT HEAD

Department-head
DR. MD. HABIB-UL-MAULA (MAULA PRINCE)

Chairman, Department of Bangla Language and Literature

উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা, বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে আধুনিক জ্ঞানচর্চা ও পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের নিমিত্তে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ৯ মে ২০০৬ খ্রিষ্টাব্দে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। নজরুলের স্মৃতি বিজড়িত ময়মনসিংহ জেলার ত্রিশালে ৩ জুন ২০০৬ খ্রিষ্টাব্দে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক বিশ্ববিদ্যালয় উদ্বোধন এবং ৩ জুন ২০০৭ খ্রিষ্টাব্দে উদ্বোধনী ৪টি বিভাগে ক্লাস শুরু হয়। প্রতিষ্ঠার তালিকা অনুযায়ী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের স্থান প্রথম। ২০০৬-২০০৭ স্নাতক শিক্ষাবর্ষ দিয়ে যাত্রা শুরু করা বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে বর্তমানে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের পাশাপাশি এম.ফিল ও পিএইচ.ডি প্রোগ্রাম চালু রয়েছে। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম তথা ফলাফলভিত্তিক শিক্ষাক্রম ১৬তম ব্যাচ : স্নাতক ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে। ১৭তম ব্যাচ : স্নাতক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় ধাপে এই শিক্ষাক্রম আরও বর্ধিত ও সমৃদ্ধ হয়। ২০তম ব্যাচ : স্নাতক ২০২৫-২০২৬ শিক্ষবর্ষ থেকে তৃতীয় ধাপে ওবিই শিক্ষাক্রম আরও সাবলীল ও সমুন্নত হওয়ার দাবি রাখে। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে প্রতি বছর প্রকাশিত হয়ে আসছে শিল্প-সাহিত্য বিষয়ক গবেষণাপত্র 'রুদ্র-মঙ্গল'। মে ২০২১ ষষ্ঠ সংখ্যা থেকে এটি ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউ জার্নালে উত্তীর্ণ। বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১ম সম্মেলন ৮ মার্চ ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি ২০২৪ সালে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে শিক্ষাতিরিক্ত কার্যক্রম পরিচালনার জন্য গঠন করা হয়েছে 'বাংলা সমিতি'। সম্প্রতি ২০ জুলাই ২০২৬ শিক্ষার্থীদের সার্বিক বিকাশের লক্ষ্যে ষাণ্মাষিক সাহিত্য পত্রিকা প্রকাশ এবং ল্যাংগুয়েজ ল্যাব প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে। ০২ আগস্ট ২০২৬ 'নজরুল কর্নার' প্রতিষ্ঠা করা হয়েছে যৌবনের গান সেমিনার কাম কম্পিউটার ল্যাবে। বর্তমানে বিভাগীয় সেমিনার-লাইব্রেরিতে বিষয় সংশ্লিষ্ট প্রায় এক হাজার বই সংগ্রহে রয়েছে। শীঘ্রই যুক্ত হবে আরও তিনশো বই। এছাড়াও বিভাগে চালু রয়েছে ফিল্ড ওয়ার্ক, থিসিস, বার্ষিক সেমিনার, বার্ষিক শিক্ষাসফর, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, দেশীয় ফল ও পিঠা উৎসব এবং ছালেমা-দীপালি মেধাবৃত্তি। ১৩ জন শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে এসব শিক্ষা, গবেষণা ও শিক্ষা-সহায়ক কার্যক্রম। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ বিভিন্ন প্রোগ্রামসমূহের মধ্য দিয়ে জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের অগ্রগতির পথে নিয়ে যেতে চায়। যুগোপযোগী শিক্ষার মাধ্যমে তাদের জীবন-নির্মাণই বিভাগের অভীষ্ট। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে সনদ প্রাপ্ত শিক্ষার্থীরা এরই মধ্যে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে। অধ্যাপনা বা শিক্ষকতা ছাড়াও বিভিন্ন পেশাগত ক্ষেত্রে তারা আজ প্রশংসিত। যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ও গবেষণায় এ বিভাগের শিক্ষার্থীরা কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে। আমার বিশ্বাস, বর্তমান ও আগামীর শিক্ষার্থীরা সেই ধারাবাহিকতাকে শুধু এগিয়েই নিয়ে যাবে না, তা অতিক্রমও করবে এবং শিল্প-সাহিত্য-দর্শন ও মানবিক চেতনায় তারা পরবর্তীদের জন্য অনুপ্রেরণা হবে।