Published: 27-10-2026
Updated: 27-10-2026 03:44:15
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে `Which Career is Right for You? A Roadmap` শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর ২০২৬ তারিখ মঙ্গলবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে আমরা সকলেই একটি রচনা পড়ে এসেছি জীবনের লক্ষ্য (এইম ইন লাইফ)। প্রকৃতপক্ষে লক্ষ্যহীন জীবন হলো হাল ছাড়া নৌকার মতো। এখন তোমাদের জীবনের লক্ষ্য নির্ধারণের সবচেয়ে উত্তম সময়। জীবনের লক্ষ্য নির্ধারণে কোনটা ছোট বা বড় পেশা তা না ভেবে তোমাদের কার জন্য কোন পেশা উপযুক্ত সেটার উপর গুরুত্ব দিতে হবে। উপযুক্ত পেশা নির্বাচন করে তা অর্জনে কঠোর অধ্যবসায় ও পরিশ্রম করতে হবে। একাডেমিক পড়া শেষ করে অলস সময় না কাটিয়ে কাঙ্ক্ষিত পেশার জন্য বিশেষ পারদর্শিতা অর্জন করতে হবে। তবেই তোমরা জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হবে।’
বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের HEAT (Higher Education Acceleration and Transformation) Sup-Project আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. রাজু আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিট প্রজেক্টের এসপিএম ড. মো. শফিকুল ইসলাম। কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এএসপিএম। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব এগ্রিকালচারাল ইকোনোমিকস এন্ড রুরাল সোশিওলজি-এর প্রফেসর ড. মো. আক্তারুজ্জামান খান ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন।