জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

ভূমিকম্প ও অগ্নিকান্ডে আত্মরক্ষার্থে করণীয় শীর্ষক কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত

Published: 11-12-2025 Updated: 11-12-2025 04:45:44

latest news


 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ‘ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময় আত্মরক্ষার্থে করণীয়’ শীর্ষক কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়। ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের চতুর্থ তলায় ‘নবযুগ মিলনায়তনে’ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
কর্মশালার প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে বলেন, ‘ভূমিকম্প এবং অগ্নিকান্ড উভয় ক্ষেত্রেই সঠিক প্রস্তুতি না থাকলে ক্ষয়-ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অভিজ্ঞ ব্যক্তিদের নিকট থেকে আমরা তাঁদের বাস্তব অভিজ্ঞতার আলোকে ভূমিকম্প এবং অগ্নিকান্ডের সময় প্রস্তুতির বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারবো। এই কর্মশালা এবং মহড়ার মাধ্যমে আমরা বাস্তবিক জ্ঞানার্জনের সাথে সাথে আমাদের সাহসের সঞ্চার হবে।’ ভবিষ্যতে আরও বড় পরিসরে এধরণের কর্মশালা ও মহড়া আয়োজনের আশ্বাস প্রদান করে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তাঁর বক্তব্য শেষ করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী (পিএফএম) এবং সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, রোভার স্কাউট ও শ্রেণী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনের খেলার মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময় আত্মরক্ষার্থে করণীয় বিষয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নিভিয়ে মহড়ার উদ্বোধন করেন। এরপর ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ত্রিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যবৃন্দ মহড়ায় অংশগ্রহণ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট এবং শিক্ষার্থীদের ব্যবহারিকভাবে হাতে কলমে আগুন নিভানোর বিভিন্ন পদ্ধতি শেখানো হয়। অগ্নিনির্বাপক বিভিন্ন প্রকার যন্ত্রের নাম ও ব্যবহার পদ্ধতি শেখানো হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. রাজু আহমেদ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।