জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদ্যাপিত

Published: 05-02-2026 Updated: 05-02-2026 04:58:19

latest news


: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের আয়োজনে ‘জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি’ শ্লোগানকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস- ২০২৬ বর্ণাঢ্যভাবে উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা অবমুক্ত করে দিবসটির শুভ উদ্বোধন করেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রতি বছর ৫ ফেব্রুয়ারি আমাদের মনে করিয়ে দেয় গ্রন্থাগার বিষয়ে আমাদের ভাবতে হবে এবং এবিষয়ে যদি কোন ঘাটতি থাকে তাহলে তা পূরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আলোকিত ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে গ্রন্থাগারমুখী হওয়ার কোন বিকল্প নেই। পৃথিবীর সকল দেশেই গ্রন্থাগারে যে উপাদানগুলো থাকে তা সকল শ্রেণির মানুষ সর্বোচ্চ ব্যবহার করে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারেও গ্রন্থাগার খোলা থেকে শুরু করে বন্ধ হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সর্বোচ্চ ব্যবহার করে।’
মাননীয় উপাচার্য আরও বলেন, ‘গ্রন্থাগারে বিভিন্ন মাধ্যমে ব্যাপক রিসোর্স থাকে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের আরও উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো, যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা জ্ঞানার্জনে এবং গবেষণার জন্য গ্রন্থাগারের সর্বোচ্চ ব্যবহার করতে পারে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) ড. মোহা. আজিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী গ্রন্থাগারিক মো. সাইফুল ইসলাম হিরক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
এছাড়া দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে গিয়ে শেষ হয়।