নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ৩ দিনব্যাপী কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন
Published: 27-08-2026 Updated: 27-08-2026 07:51:17
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় তিন দিনব্যাপী পালিত হচ্ছে। বিদবটি পালনের প্রথম দিন ২৭ আগস্ট ২০২৬ তারিখ বৃহস্পতিবার (১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত নজরুল ভাস্কর্যে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় অনলাইনে যুক্ত হয়ে কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। এসময় কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
কবির প্রতি শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, নজরুল মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটি- ২০২৬এর আহ্বায়ক এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম জনি, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) ড. মোহা. আজিজুর রহমান, ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম, কর্মচারী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, কর্মচারী ইউনিয়নেসর সভাপতি হারুনুর রশিদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান ও সদস্য-সচিব মামুন সরকার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম এবং বাদ যোহর দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফ্তি মো. আব্দুল হাকীম। ৫০তম নজরুল মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামী ৩০ আগস্ট ২০২৬ তারিখ বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে কবিতা আবৃত্তি ও হাম্দ-নাত প্রতিযোগিতা এবং ৩১ আগস্ট ২০২৬ তারিখ বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় কনফারেন্স কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্বাক্ষরিত/-
(এস এম হাফিজুর রহমান)
অতিরিক্ত পরিচালক
জনসংযোগ দপ্তর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
