জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে ‘Building a Smart University Library: New Trends, Technologies & Professional Practices’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর ২০২৬ তারিখ রবিবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বই হলো জ্ঞানের বাহন আর গ্রন্থাগার হলো জ্ঞানের ভান্ডার। যুগে যুগে বিশ্বের প্রাজ্ঞ ব্যক্তিরা সবসময় গ্রন্থাগারকে গুরুত্ব দিয়েছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার কোন অংশে কম নয়, তবে পরিচালনায় কিছু ঘাটতি থাকলে তা দূর করতে হবে। আজকাল শিক্ষার্থীরা গ্রন্থাগারে কম যায় কারণ তারা ঘরে বসেই সবকিছুর সমাধান পায়। তবে গ্রন্থাগারের গুরুত্ব কখনো কমে না। শিক্ষার্থীদের গ্রন্থাগারের প্রতি আকৃষ্ট করতে পড়ার পরিবেশ তৈরি করতে হবে। যুগোপযোগি ও পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোন কাজই ছোট নয়, ছোট হয় মানুষের মন। তাই কোন কাজেই মান যাবে না বরং মান বাড়বে। শিক্ষার্থীদের চাহিদা মতো বই রাখতে হবে। সুন্দর করে কথা বলতে হবে এবং কোন বই না থাকলে রিকুইজিশন দিয়ে পরবর্তীতে সেই বই রাখার ব্যবস্থা করতে হবে। কোন বই ১ মাসের বেশি রাখা যাবে না, কেউ যদি রাখে তবে জরিমানার ব্যবস্থা করতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)- এর পরিচালক প্রফেসর ড. এ এইচ এম কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান। প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক ও বিডিরেনের কনসালটেন্ট ড. এম. হোসাম হায়দার চৌধুরী, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-গ্রন্থাগারিক তহুর আহমেদ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ড. মোহা. আজিজুর রহমান।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্বের সমাপনী বক্তব্যে আইকিউএসি- এর পরিচালক প্রফেসর ড. এ এইচ এম কামাল গ্রন্থাগারের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের গ্রন্থাগারমূখী করতে ডিজিটাইজ সুবিধাসহ ইবুক চালুর উপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম। এসময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
(এস এম হাফিজুর রহমান)
অতিরিক্ত পরিচালক, জনসংযোগ দপ্তর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়