Published: 02-08-2026
Updated: 02-08-2026 10:39:51
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘Good Governance, Efficient Filing & Nothi Writing for Accelerating Administrative Work’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ০২ আগস্ট ২০২৬ তারিখ রবিবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি এবং রিসোর্স পার্সন হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা কর্মরত আছেন সবাই শিক্ষিত। তবে সেই শিক্ষার মাঝেও অনেকের ঘাটতি থাকতে পারে, তাই প্রশিক্ষণের মধ্য দিয়ে সেই ঘাটতি পূরণ করা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘সুশাসন হলো এমন শাসন ব্যবস্থা যা জনকল্যাণমূখী, দক্ষ শাসন ব্যবস্থা, স্বচ্ছতা, জবাবদিহীতা, আইনের শাসন ও জনগণের অংশগ্রহণ থাকবে। সুশাসন নিশ্চিত করতে পারলেই কেবল টেকসই উন্নয়ন সম্ভব। দেশে সুশাসন চালু থাকলে দেশের অর্থ বিদেশে পাচার হতো না। সুশাসন নিশ্চিত করতে হলে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। নৈতিক শিক্ষার অভাব, রাজনৈতিক প্রভাব, অতি উৎসাহী এসমস্ত বিষয়গুলোকে কর্মক্ষেত্র থেকে দূরে রাখতে হবে। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, চেইন অব কমান্ড মেনে চলা, নিজের দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল, সুন্দর ব্যবহার এবং যে যার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করলেই সুশাসন প্রতিষ্ঠিত হবে।’
প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান।
বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন। প্রশিক্ষকণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা। এসময় অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলামসহ প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।