জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Published: 28-03-2026 Updated: 29-03-2026 10:28:56

latest news

 জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মার্চ ২০২৬ তারিখ শুক্রবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় ভিজিল্যান্স উপ-কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। এসময় তিনি বলেন, ‘২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে সি ইউনিটের মাধ্যমে পরীক্ষা শুরু হয়েছে। দেশের মোট ২৩টি বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রী, ছাত্রদের বিভিন্ন সংগঠন, স্থানীয় প্রশাসন, জনগণ, সাংবাদিকবৃন্দ সবাই আমাদেরকে পরীক্ষা আয়োজনে সহযোগিতা করছেন। সকলের সহযোগিতার মধ্যদিয়েই আমাদের এই ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৩ ও ১০ এপ্রিল যথাক্রমে বি ও এ ইউনিটের পরীক্ষাতেও সকলের সহযোগিতা কামনা করেন মাননীয় উপাচার্য।’
মাননীয় উপাচার্য আরও বলেন, ‘সি ইউনিটের পরীক্ষা ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের মোট ১৯টি কক্ষে ২টি নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সম্পন্ন করা হয়।’
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছিল। রাস্তার যানযট নিয়ন্ত্রণ ও নিরবিচ্ছন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। এছাড়া ময়মনসিংহ ও ভালুকা হতে পরীক্ষার্থীদের আসা ও যাওয়ার জন্য পর্যাপ্ত বাস সার্ভিস ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১,১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৯৯৩ জন। অনুপস্থিত ১৭২ জন। উপস্থিতির হার ৮৫.২৪ শতাংশ।
আগামী ০৩ এপ্রিল ২০২৬ তারিখ শুক্রবার ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা ও ১০ এপ্রিল ২০২৬ তারিখ শুক্রবার ১১ টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা এবং একইদিন বেলা ০৩:০০ হতে ০৪:০০ পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭,০০৭ জন এবং ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষায় ১০,৩৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন। প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-এ প্রকাশ করা হবে। মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের পছন্দমত তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্যতাসাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেক বিশ্ববিদ্যালয় তাদের আসন সংখ্যার সামর্থ্যরে উপর ভিত্তি করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগে ১,১৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।