Published: 02-08-2026
Updated: 02-08-2026 10:37:22
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ০২ আগস্ট ২০২৬ তারিখ রবিবার সকালে এই সেমিনারের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘শিক্ষক পুরনো দিনের ক্যাসেটের মতো। একই বিষয় বিভিন্ন শিক্ষার্থীদের শেখাতে হয়। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে বিষয়টি আলাদা। অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকগণ শুধু শিক্ষা দেন আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ শিক্ষার সাথে সাথে গবেষণা করেন। সুতরাং যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন তত্ত্ব, সূত্র আবিস্কার করে শিক্ষার্থীদের শেখানো হয়। গবেষণার মাধ্যমে নতুন আবিস্কারই হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের কৃতিত্ব। তবে গবেষণার ক্ষেত্রে অন্য কারও লেখার অংশবিশেষ ব্যবহার করলে তার স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ রেফারেন্স হিসেবে তাঁর নাম উল্লেখ করতে হবে। আপনারা গবেষণাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন।’
সেমিনারের উদ্বোধনী পর্বে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল এবং গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ- সুখন) এবং আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। স্বাগত বক্তব্য রাখেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।
রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রফেসর ড. এস এম ফারুক হোসাইন ও ইতিহাস বিভাগের প্রফেসর ড. মো. শেরেজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রফেসর ড. রশীদ হারুন ও দর্শন বিভাগের প্রফেসর জাকির হোসেন, রবীন্দ্র মৈত্রি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রফেসর ড. রশিদুন্ নবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর আহম্মেদ বশির। সঞ্চালনায় ছিলেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তুহিনুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর অর্থায়ণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ২০২৫-২০২৬ অর্থবছরে গবেষণা প্রকল্পগুলোর সেমিনার অনুষ্ঠিত হয়। কলা অনুষদের মোট ২১টি গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়।